প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
আহত নারীর নাম মোছা. ইবা (২৫)। তিনি কোরপাই এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী কাজল মিয়া বুড়িচং উপজেলার বলরামপুর এলাকার হান্নান মিয়ার ছেলে।
ইবার পরিবারের অভিযোগ, স্বামী কাজল মিয়া ঘুমন্ত অবস্থায় ইবার ওপর হামলা চালান। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর বটি-দা দিয়ে তার গলায় কোপ দেওয়ার চেষ্টা করেছেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
এদিকে, ঘটনার পর স্বামী কাজল মিয়া নিজেই বুড়িচং থানায় উপস্থিত হয়ে বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
তবে আহত ইবার পরিবারের অভিযোগ, কাজল মিয়া প্রায়ই স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। সেই বিরোধ থেকেই এমন ঘটনা ঘটেছে। পরিবারটি আইনগত ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV